চিকেন - মেটে - গিলে - স্ট্যু - রেসিপি (Chicken Stew Recipe)
- Kaveri Nandi

- 2 days ago
- 4 min read

দিন কয়েক আগের কথা বলছি | জাঁকিয়ে ঠান্ডা ঘেরা একটা ছুটির দিন ! বাড়ির সবাই , সকাল থেকেই বাড়ির বাইরে ছিলাম | বাড়ি ফিরতে রাত হলো | ডিনারে সবাই রুটি খাবই ঠিক হলো | কিন্তু এই কঠিন ঠান্ডায় , আমার আর রুটি তৈরি করতে ইচ্ছে করছিলো না | ঠিক করলাম , ঝটপট বাইরে থেকে কিনে নিয়ে আসি | বাড়ির উল্টো দিকেই একটা রুটির দোকান | পৌঁছে গেলাম দোকানে |

ওমাঃ ! কি ভিড় ! কি ভিড় ! সবাই লাইনে দাঁড়িয়ে ! আমিও দাঁড়িয়ে পড়লাম | হঠাৎ খেয়াল করলাম , বেশ কয়েকজন , দোকানের সামনের বেঞ্চে বসে , গরম গরম রুটির সঙ্গে খুব তৃপ্তি করে , খুশি খুশি মুখে কি যেন খেয়ে চলেছে | একে একে নিচ্ছে , আর জমিয়ে জমিয়ে খাচ্ছে ! ভাবলাম কি দিয়ে ওরা গরম রুটি খাচ্ছে ? ভাবতে ভাবতে আমার লাইন পৌঁছে গেছে দোকানির সামনে | আমি জিজ্ঞেস করেই ফেললাম , '' ভাই ওরা কি দিয়ে রুটি খাচ্ছে ?'' দোকানি বলে উঠলো '' দিদি , চিকেনের মেটে - গিলে - কষা দিয়ে , দারুন লাগে খেতে ''|

রুটি নিয়ে তো বাড়ি পৌঁছলাম , কিন্তু মাথায় থাকলো '' চিকেনের -মেটে -গিলের ''কথা | মন চাইছে আমিও রাঁধবো | আর মজা করে সবাই মিলে খাবো | জেনে ফেললাম এই মেটে - গিলের উপকারিতা | ভিটামিন , ফাইবার , জিঙ্ক , আইরন সমৃদ্ধ এই খাবার মাঝে মধ্যে আমাদের পাতে রাখলে , আমাদেরই উপকার | সর্দি - কাশি দূরে থাকে , রক্তাল্পতা সারে , হজম ক্ষমতা বাড়ে , চোখ ভালো থাকে , ব্রেইনের কাৰ্য ক্ষমতা বাড়ে , ইত্যাদি ইত্যাদি আরো নানা রকমের উপকার পাওয়া যায় | তাই ভাবলাম , মাসে ২-১বার তো খাওয়া যেতেই পারে | কখনো কষা - কষা ..তো ..কখনো স্ট্যু |

আজ আমার প্রিয় রান্নাঘরটিতে এনে ফেলেছি , খানিকটা চিকেনের মেটে - গিলে | সঙ্গে কিছু সবজি | যেমন গাজর , বিনস , টমেটো , পেঁয়াজ , রসুন , আদা | রাঁধবো '' চিকেনের - মেটে - গিলের - স্ট্যু '' | '' চিকেনের - মেটে - গিলের - স্ট্যু দিয়ে ...গরম গরম ভাত বা গরম গরম রুটি বা বিকালের জলখাবার সবই জমে যাবে (Chicken Stew Recipe) | আর অবশ্য অবশ্যই দারুন এক উপকারী মেনু | জিভের স্বাদ ও বাড়াবে , শরীরে পুষ্টি - বল ও যোগাবে | মনের আনন্দে রান্নার যোগানে ব্যস্ত হয়ে পড়লাম |
উপকরণ :-

চিকেনের - মেটে - গিলে - ৮০০ গ্রাম , কেটে কুটে পরিষ্কার করে নিয়ে , অল্প নুন আর অল্প তেল মাখানো
গাজর - ২টো , মাঝারি সাইজের , হালকা ভাবে খোসা ছাড়িয়ে নিয়ে , লম্বা লম্বা টুকরো টুকরো করে কেটে , জলে ধুয়ে রাখা
বিনস - ১০০ গ্রাম , ছোট ছোট সাইজের , দুটো দিক বাদ দিয়ে , জলে ধুয়ে , জল ঝরিয়ে রাখা
টমেটো - ১টা , মাঝারি সাইজের , লম্বা লম্বা টুকরো টুকরো করে কাটা
পেঁয়াজ - ৪-৫টা , ছোট ছোট সাইজের . খোসা ছাড়িয়ে লম্বা লম্বা , একটু মোটা মোটা করে কাটা
রসুন - ১৪-১৫ কোয়া , খোসা ছাড়িয়ে মিহি করে কুচানো

আদা - ইঞ্চি খানেক , খোসা ছাড়িয়ে নিয়ে , মিহি করে কুচানো
গোটা শুকনোলঙ্কা - ৩টে , একটু করে ফাটানো
গোটা জিরে - ১ চা চামচ
গোটা গোলমরিচ - ১ টেবিল চামচ
গোটা তেজপাতা - ২টো
ছোট এলাচ - ৩টে , ফাটিয়ে রাখা
লবঙ্গ - গোটা ৫টা
দারচিনি - ছোট একটুকরো
মাখন - ২ টেবিল চামচ
সাদা তেল - প্রয়োজনমতো
কর্ণফ্লাওয়ার - ১ টেবিল চামচ
গোল মরিচের গুঁড়ো - প্রয়োজনমতো
নুন - প্রয়োজনমতো
চিনি - ২-১ দানা , স্বাদ বাড়াতে
পদ্ধতি :-
উপকরণ তো সাজিয়ে নিয়েছি | সহজ উপকরণ | আর রান্না ? ততোধিক সহজ | কিন্তু টেস্টে ? হেভি হেভি .......হেভি !!! গ্যাসে কড়াই বসিয়ে দিলাম প্রয়োজনমতো অল্প তেল আর ১ চামচ বাটার |
অল্প গরম হয়ে উঠতেই , আঁচ কমিয়ে ফোরণে দিলাম , গোটা ফাটানো শুকনোলঙ্কা , গোটা তেজপাতা , গোটা জিরে ,গোটা গোলমরিচ , ৩টে ফাটানো ছোট এলাচ , ৫টি লবঙ্গ একটুকরো দারচিনি | একটু নেড়েচেড়ে ছেড়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ , কুচানো রসুন আর কুচানো আদা | আঁচ বাড়িয়ে ভালো করে নাড়তে লাগলাম |

এক সুন্দর এরোমাতে ধীরে ধীরে আমার রান্নাঘর ভরে উঠলো | মন ভালো করা , মন ভালো লাগা এক লোভনীয় গন্ধ !! পেঁয়াজ হালকা ভাজা ভাজা হয়ে এসেছে মনে হতেই , আঁচ বাড়িয়ে কড়াইতে ঢেলে দিলাম , মেটে - গিলের টুকরোগুলো আর কুচানো টমেটোর টুকরোগুলো | দিলাম অল্প নুন | বেশি আঁচে সমস্ত ভালো করে নাড়তে লাগলাম | মেটে - গিলের একটু রং পরবর্তন হতেই কড়াইতে ছেড়ে দিলাম , জলে ধুয়ে রাখা গাজরের টুকরোগুলো |

আবার শুরু করলাম আঁচ বাড়িয়ে কমিয়ে নাড়াচাড়া | কড়াইয়ের সমস্ত মিশ্রণ বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে এসেছে মনে হতেই , এবার দিয়ে দিলাম আন্দাজমতো গোলমরিচের গুঁড়ো আর কেটে রাখা বিনসের টুকরোগুলো | বেশি আঁচে সব কিছু সমেত মেটে - গিলে কয়েকবার নাড়াচাড়া করে নিয়ে , রসার পরিমান ভেবে , কড়াইতে দিয়ে দিলাম কুসুম কুসুম গরম জল | রসা টগবগ টগবগ ফুটতে শুরু করতেই , আঁচ কমিয়ে রান্না মজতে দিলাম | মিশ্রণ ভালোমতো মজে উঠলেই তো স্ট্যু খেতে মজা !!

রান্নার রং দেখেই মন বলে উঠলো , রান্না হয়েই এসেছে | চেখে দেখলাম | আহা আহা ...কি অপূর্ব স্বাদের হয়েছে !! খেতে কি দারুণই না লাগছে !! রান্না একেবারে শেষের দিকে | এবার অল্প গরম জলের মধ্যে ১ চামচ মতো কর্ণফ্লাওয়ার গুলে নিয়ে কড়াইতে ঢেলে দিলাম | আবার আঁচ বাড়িয়ে দিলাম | স্ট্যু ২-১ বার ফুটতেই , ১ টেবিল চামচ মতো মাখন কড়াইতে দিয়েই গ্যাস বন্ধ করলাম | তৈরি আমার খুব আনন্দের খাবার '' চিকেনের - মেটে - গিলের - স্ট্যু '' (Chicken Stew Recipe) |
আজ লাঞ্চে আমরা খাবো '' চিকেনের -মেটে - গিলের - স্ট্যু '' দিয়ে গরম গরম ভাত | যথারীতি লাঞ্চ টেবিলে সবাই জমিয়ে বসতেই , সকলের পাতে পাতে পরিবেশন করে ফেললাম , গরম গরম ভাতের সঙ্গে , বাটিতে বাটিতে গরম গরম '' চিকেনের - মেটে - গিলের - স্ট্যু '' | শুরু হলো খাওয়া | আর খাওয়া শুরু হতেই মন যেনো এক অপূর্ব স্বাদের আনন্দে ভরে উঠলো | ভীষণ তৃপ্তি ! ভীষণ সুন্দর স্বাদ ! মন - প্রাণ একেবারে খুশ !!! খুশ ! খুশ ! খুশ ! তবে আমি মনে মনে ভেবে চললাম ..........পুষ্টিকর স্ট্যু তে মন ও ভরলো আর শরীর ও সবল হলো ! আর আমি একদম ঠিক ভেবেছি !!কি বলেন ? তাই না ?
ভালো থাকবেন | ভালো খাবেন | সুস্থ থাকবেন | আনন্দে থাকবেন |
.jpg)



Comments