কাঁচালঙ্কা -বাটায়- মাংসের - ঝোল (Kancha Lonka Mutton)
- Kaveri Nandi

- 12 minutes ago
- 4 min read

বে.....শ কয়েকদিন ধরেই প্রচন্ড গরম আবহাওয়া ! গ্রীষ্মকাল ! কালের নিয়মে গরম তো পরবেই | গরম কালে গরম পরবে , একেবারে ঠিক কথা , কিন্তু এখন তো ভয়ানক তাপপ্রবাহ চলছে | এই অবস্থায় আর যেনো পারা যাচ্ছে না | তাপের জ্বালায় - মানুষজন , পশুপাখি , গাছপালা সব ছটফট ছটফট করছে | সব্বাইয়ের একই ভাবনা , কখন আসবে একটু বৃষ্টি , পাবো একটু স্বস্তি !!
ভাবতে ভাবতে , আশায় থাকতে থাকতে , অবশেষে , সবাইকে অবাক করে , কাল বিকালে প্রচন্ড ঝড় , সঙ্গে প্রচন্ড বৃষ্টি !! কিছুক্ষনের প্রবল ঝড় - বৃষ্টির পর , আবহাওয়া একেবারে উল্টো ! চারিদিক টা নিমেষেই হয়ে উঠলো শীতল , আর ঠান্ডা ঠান্ডা ! সবাই যেমন খুশি , তেমনই অবাক | সত্যি ই , অবাক হওয়ারই কথা ! প্রকৃতি কি না করতে পারে ! আনন্দে চারিদিকটা যেনো ভাসছে !! স্বস্তির স্রোতে ভাসছে , খুশির জোয়ারে ভাসছে | আমরা সবাই তো খুশিতে একেবারে ডগমগ ডগমগ !!

কালকের দারুন বৃষ্টির পর ....আজ সকালে ঘুম ভেঙেই পেলাম , এক আরামদায়ক ওয়েদার | দুদিন আগের কাঠফাটা রোদের কথা বেমালুম ভুলে গেলাম | আজ মন ভরে রইলো স্বস্তির আমেজে | প্রচন্ড গরমের দাপটে কদিন খাওয়ার ইচ্ছেটাও একেবারে কমে গিয়েছিলো | হালকা রান্না আর ঠান্ডা ঠান্ডা সব মেনু , পাতে ঠাঁই পাচ্ছিলো |

কিন্তু আজ তো অন্য কথা , একেবারে অন্য ভাবনা !! গরমকালে , ঠান্ডার আমেজ !! ভাবাই যায় না | তবে ভাববো ও না | আজ অনেকদিন বাদে মধ্যাহ্নভোজের মেনু তে রাঁধবো , '' কাঁচালংকায় - বাটায় - মাংসের - ঝোল '' আর সঙ্গে গরম - গরম ভাত | চমক ! খুশির চমক !! আর সবার খুশিটাই যে আমি , দেখতে এ এ এ এ এ ভালোবাসি | বড়ো দেখতে এ ভালোবাসি (Kancha Lonka Mutton) |
খুশির আমেজে সকালের কাজকর্ম প্রায় সারা | সকালের জলখাবার ও তৈরি | মাংস রান্নার সব উপকরণ ও জোগাড় করে রেখেছি | টিফিন পর্ব শেষ করেই , আবার ঢুকবো আমার প্রিয় রান্নাঘরটিতে , রাঁধবো দুপুরের মনমাতানো মেনু '' কাঁচালঙ্কা - বাটায়- মাংসের - ঝোল '' | গরম ভাতে এই মাংসের ঝোলের স্বাদই আলাদা | দারুন দারুন লাগে খেতে | মাংসের ঝোলের বাটিতে চুমুক দিতেই , স্বাদে - গন্ধে মন যেন এক অজানা তৃপ্তিতে ভরে যায় | মনে থাকে ,শুধু ভালো লাগা আর ভালোলাগা !!
উপকরণ :-

খাসির মাংস - 600 গ্রাম , টুকরো টুকরো করে কাটা
আলু - মাঝারি সাইজের ২টো , খোসা ছাড়িয়ে নিয়ে , প্রত্যেকটা ৪টুকরো করে কেটে , জলে ভিজিয়ে রাখা
পেঁয়াজ - ছোট সাইজের ৩তে, খোসা ছাড়িয়ে মিহি করে কুচিয়ে রাখা
রসুন - ছোট মতো একটা , কোয়া গুলো খোসা ছাড়িয়ে রাখা
আদা - ইঞ্চি খানেক , খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে রাখা
কাঁচালঙ্কা - 13- ১৪টা , কয়েকটা রান্নায় বেটে দেবো , ২-১টা রান্নায় গোটা ছেড়ে দেবো , তবে রান্নায় ঝাল সবাই নিজের নিজের পছন্দ মতোই দেবে

হলুদগুঁড়ো - ১-২ চা চামচ
জিরেগুঁড়ো - ১-১.৫ চা চামচ
ধনেগুঁড়ো - 1 চা চামচ
নুন - প্রয়োজনমতো
চিনি - স্বাদে ব্যালান্স আনতে , ২-১ দানা
সর্ষের তেল - প্রয়োজনমতো
পদ্ধতি :-
মাংস হাতে পেয়েই , ভালো করে ধুয়ে , জল ঝরিয়ে নিয়ে , একটা পাত্রে রেখে , অল্প নুন আর ২-৩ চা চামচ সর্ষের তেল দিয়ে , ভালো করে মেখে , ঢাকা চাপা দিয়ে , ম্যারিনেট হতে দিয়েছিলাম | এখন রান্নাঘরে ঢুকে মিক্সিতে আদা , রসুন কোয়া , কয়েকটা কাঁচালঙ্কা , জিরেগুঁড়ো আর ধনেগুঁড়ো নিয়ে , সব একসাথে মিহি করে পেস্ট করে রাখলাম |
গ্যাসে কড়াই বসিয়ে দিলাম , প্রয়োজনমতো সর্ষের তেল | বেশি আঁচে তেল ভালোমতো গরম হয়ে উঠলে আঁচ কমিয়ে , কেটে রাখা আলুর টুকরোগুলো জল ঝরিয়ে কড়াইতে ছেড়ে দিলাম | দিলাম এক চিমটে হলুদগুঁড়ো আর এক চিমটে নুন | আঁচ বাড়িয়ে কমিয়ে আলুগুলো হালকা রাঙা করে ভেজে নিয়ে , কড়াই থেকে তোলে একটা পাত্রে রেখে দিলাম |
এবার কড়াইয়ের ওই তেলের মধ্যেই প্রয়োজনমতো আরো একটু তেল দিলাম | তেল গরম হয়ে উঠলে আঁচ কমিয়ে , কেটে রাখা পেঁয়াজের কুচিগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম | আঁচ বাড়িয়ে কমিয়ে পেঁয়াজের কুচিগুলো নাড়তে লাগলাম | পেঁয়াজকুঁচিগুলো নরম হয়ে হালকা বাদামি বাদামি রংয়ের হয়ে এলেই , ম্যারিনেট করা মাংস কড়াইতে ঢেলে দিলাম |
বেশি আঁচে মাংস নাড়াচাড়া করতে লাগলাম | পেঁয়াজ সমেত মাংস একটু ভাজা ভাজা হয়ে এসেছে মনে হতেই , মিক্সিতে বেটে রাখা মশলার পেস্টটা কড়াইতে , ভাজা মাংসের মধ্যে দিয়ে দিলাম | আবার আঁচ বাড়িয়ে কমিয়ে মশলা - মাংস সব নাড়াচাড়া শুরু করলাম | বাঃ ! বাঃ ! ভারী সুন্দর গন্ধ বেরিয়েছে তো !! লোভনীয় মনমাতানো সুগন্ধে , আমার বাড়ি মো মো মো মো করছে !!!

এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হলুদগুঁড়ো , আরো একটু নুন আর স্বাদে চমক আনতে কয়েকদানা চিনি | আঁচ বাড়িয়ে কমিয়ে সমস্ত উপকরণ সহ মাংস কিছুক্ষন কষে নিয়ে , কড়াইতে ঢেলে দিলাম , মাংসের ঝোলের আন্দাজ করে , প্রয়োজনমতো কুসুম কুসুম গরমজল | কিছুক্ষনের মধ্যেই বেশি আঁচে ঝোল টগবগ টগবগ আওয়াজে ফুটতে শুরু করলো | আর মাংসের ঝোলের গন্ধ তো মনে হচ্ছে , বাড়ির আনাচে কানাচে ও পৌঁছে গেলো |

যাহোক আঁচ কমিয়ে হালকা একটা ঢাকা দিয়ে রান্নাকে খানিক্ষন মজতে দিলাম | অল্পক্ষন বাদে ঢাকা খুলে , ঝোলে দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো | আবার ঢাকা দিয়ে মজতে দিলাম | খাসির মাংস কিছুক্ষন ভালোমতো মজলেই , সু - সিদ্ধ হবে | আর স্বাদে -গুনে অসাধারণ অসাধারণ লাগবে | খুব সহজ রান্না , আর খুব খুব হালকা রান্না আমার এই '' কাঁচালঙ্কা - বাটায় - মাংসের - ঝোল '' | কিন্তু গরম ভাতে খেতে ......উফঃ , অসাধারণ !! অসাধারণ !!! সবাইকে বলি , একবার রেঁধে খেতে হবে তো , তবেই তো বোঝা যাবে '' কাঁচালঙ্কা - বাটায় - মাংসের - ঝোলের '' চমক (Kancha Lonka Mutton) !!
মনে হচ্ছে রান্না হয়ে এসেছে | ঢাকা খুলে একটু চেখে নিলাম | সত্যি ই কি ভালোই না হয়েছে !! আঁচ বাড়িয়ে ঝোলের পরিমান ঠিক করে নিয়ে গ্যাস বন্ধ করে দিলাম | কড়াইয়ে থাকা মাংসের ঝোলে দিলাম ঢাকা | এখন আমরা সবাই খাবার টেবিলে পৌঁছনোর অপেক্ষায় |
কি এক দারুন আনন্দ আর তৃপ্তিতে , আমাদের আজকের লাঞ্চ পর্ব যে কাটলো , সেটা আপনারা ও উপলব্ধি করছেন | অনেকদিন বাদে এমন চমকপ্রদ আবহাওয়া আর অনেকদিন বাদে এমন চমকপ্রদ মেনু ও ! গরম গরম ভাত আর সঙ্গে গরম গরম '' কাঁচালঙ্কা - বাটায় - মাংসের - ঝোল '' ! সত্যি ইইইইই অপূর্ব ! অপূর্ব !! অপূর্ব !!! মন আর প্রাণ খুশ ! খুশ ! খুশ !
সবাই ভালো থাকবেন | নিজেদের খেয়াল রেখে সুস্থ থাকবেন | গরমের খাবার জমিয়ে খাবেন | অবশ্যই অনেক আনন্দে থাকবেন |
.jpg)














Comments