top of page

পেঁয়াজকলি - পোস্ত (Peyajkoli Posto)


এবার শীতের মরশুমে পেঁয়াজকলি ফলন কি বেশি হয়েছে ?? বাজারে গেলেই চোখে পড়ছে , প্রত্যেক ক্রেতারই বাজারের থলি থেকে উঁকি মারছে , পেঁয়াজকলির কচি কচি সাদা সাদা ফুল | দেখতে দারুন লাগছে আর খুব ভালো ও লাগছে | আমার তো বাজার ভরা সবুজ সবজি দেখলেই মন এক অনাবিল আনন্দে ভরে ওঠে | অনুভব করি চারিদিকে প্রকৃতির এক নির্মল ছোঁয়া !!


বাড়িতে বেশ ক- দিন ধরেই আওয়াজ উঠছে , এবার একদিন টেস্টি টেস্টি স্বাদে , '' পেঁয়াজকলি-পোস্ত '' হোক , '' পেঁয়াজকলি - পোস্ত হোক ''| '' পেঁয়াজকলি - পোস্ত '' .........স্বাদে - গন্ধে , গরম ভাতের পাত জমিয়ে তুলতে , সত্যিই দারুন একটি মেনু !! আর এই সিজনের ফলন্ত নরম নরম কচি কচি সবুজ সবুজ পেঁয়াজকলিগুলো ......আহা আহা বড়োই সুন্দর !! যে কোনো মেনুতেই যেনো , স্বাদে - গুনে হয়ে উঠছে অসাধারণ , অপূর্ব !!



ভেবেই নিলাম , আজ আমরা সবাই লাঞ্চ শুরু করবো , গরম গরম ধোঁওয়া ওঠা ভাত আর টেস্টি টেস্টি '' পেঁয়াজকলি - পোস্ত '' দিয়ে | ভাববো কি ? ভাবতে তো আমার জিভেই জল চলে এলো | আজকের বাজার সারা | আর হ্যা , বাজারের থলিতে খানিকটা ফুলভরা কচি কচি পেঁয়াজকলির মাথাগুলো ও উঁকি - ঝুঁকি মারছে | অতএব আমি নিশ্চিন্ত | '' পেঁয়াজকলি - পোস্ত '' হবেই হবে |


তড়িঘড়ি খানিকটা পোস্ত জলে ভিজিয়েই দিলাম | রান্নার মেনু নিয়ে আর বাড়ির সবার সঙ্গে বিশেষ আলোচনা না করে , সকালের কাজগুলো একে একে সেরে ফেলতে লাগলাম | মনে মনে ভেবে নিলাম , সবাইকে চমকে দেবো , একেবারে খাওয়ার টেবিলে (Peyajkoli Posto) |



যাক বাবা ! এদিকের সব কাজকর্ম সারা | এবার দুপুরের মেনু তৈরির পালা | সাধারণতঃ সারাদিনে আমাদের , প্রত্যেক মানুষেরই , চারবেলা আহারের প্রয়োজন | আর এই চারবেলার আহারের পছন্দসই আর ঠিকঠাক ব্যবস্থা থাকলেই , প্রতি পরিবারেই বয়ে চলবে খুশির হাওয়া , বেড়ে যাবে অনেক অনেক এনার্জি আর নিয়ে আসবে অফুরন্ত শান্তি | আমরা তো সব্বাই চাই ...প্রত্যেক মানুষেরই অনেক অনেক শান্তি আসুক | আসুক অনেক অনেক কর্মদক্ষতা | আর নির্ভেজাল অনেকটা খুশি |


ভাবতে ভাবতে রান্নাঘরে ঢুকে পড়েছি | প্রথম রান্না '' পেঁয়াজকলি - পোস্ত '' | উপকরণগুলো সাজিয়ে নিচ্ছি .......



উপকরণ :-

  • পেঁয়াজকলি - ৫০০ গ্রাম

  • পোস্ত - ১০০ গ্রাম , জলে ভেজানো

  • গোটা শুকনোলঙ্কা - ৫টা , একটু করে ফাটানো

  • কাঁচালঙ্কা - লাল - সবুজ মিলিয়ে ৬-৭টা , কয়েকটা টুকরো টুকরো করে রাখা , কয়েকটা পোস্ত বাটার সঙ্গে বাটার জন্য

  • নুন - প্রয়োজনমতো

  • চিনি - ২...........১ দানা , স্বাদ বাড়াতে , দেওয়া , না দেওয়া নিজের নিজের ইচ্ছে মতো

  • সর্ষের তেল - প্রয়োজনমতো


পদ্ধতি :-


রান্নাঘরে ঢুকেই , প্রথমে পেঁয়াজকলিগুলো ঝটপট ঝটপট টুকরো টুকরো করে কেটে , জলে ধুয়ে , জল ঝরিয়ে নিলাম | ভেজানো পোস্ত , ৩টে সবুজ লংকার সাথে মিক্সিতে নিয়ে , মিহি করে বেটে ফেললাম | গ্যাসে কড়াই বসিয়ে দিলাম | দিলাম প্রয়োজনমতো তেল |


তেল ভালোমতো গরম হয়ে উঠলে আঁচ কমিয়ে , গোটা ফাটানো শুকনোলঙ্কাগুলো তেলে ছেড়ে দিলাম | নেড়েচেড়ে লঙ্কাগুলো মুচমুচে করে ভেজে নিয়ে, কড়াই থেকে তুলে নিলাম | রান্না শেষে , এই ভাজা লঙ্কাগুলো পোস্তর মধ্যে দিয়ে দেবো | পোস্তর সঙ্গে মেখে খেতে দারুন দারুন লাগে | তা ছাড়া এই লঙ্কাভাজার তেলে রান্না '' পেঁয়াজকলি - পোস্ত '' ও ...দারুন এক স্পেশাল , চটপটা স্বাদে ভরে উঠবে |


তেল থেকে ভাজা শুকনোলঙ্কাগুলো তুলে নিয়ে , কড়াইয়ের তেলের মধ্যে ধুয়ে রাখা পেঁয়াজকলি টুকরোগুলো দিয়ে দিলাম | আঁচ বাড়িয়ে নাড়াচাড়া করতে লাগলাম | দিলাম ২-১ দানা চিনি আর প্রয়োজনমতো নুন | আবার সমস্ত নাড়তে লাগলাম | পেঁয়াজকলি গুলোর সবজে রংটা হালকা বদলে যেতেই , আঁচ কমিয়ে একটা ঢাকা দিয়ে , খুব অল্প সময়ের জন্যই পেঁয়াজকলিগুলো একটু নরম হতে দিলাম |



অল্পক্ষন পরেই ঢাকা খুলে দেখলাম , পেঁয়াজকলি গুলো থেকে হালকা জল বেরিয়েই , পেঁয়াজকলি

গুলো বেশ নরম হয়ে গেছে | আঁচ বাড়িয়ে বাটা পোস্ত টা কড়াইতে ভাজা নরম পেঁয়াজকলি গুলোর মধ্যে দিয়ে দিলাম | সমস্ত সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে লাগলাম | আঁচ বাড়িয়ে কমিয়ে চললো বেশ কিছুক্ষন নাড়াচাড়া |


এবার পোস্ত বাটার গায়ে হালকা ভাজা ভাজা রং ধরে আসতেই বুঝলাম ,আমাদের সবার অতি অতি প্রিয় ''পেঁয়াজকলি - পোস্ত '' তৈরি | একটু চেখে নিলাম | কি যে এক সুন্দর স্বাদে , উঃ , মুখ ভরে গেলো ,বলে বোঝাতে পারবো না | অপূর্ব অপূর্ব !! এবার সব শেষে ভাজা শুকনোলঙ্কা গুলো '' পেঁয়াজকলি - পোস্ত '' এর মধ্যে দিয়ে , রান্না একটু নেড়েচেড়ে নিয়ে , গ্যাস বন্ধ করে , '' পেঁয়াজকলি - পোস্ত '' একটা পাত্রে ঢেলে নিয়ে , রেখে এলাম লাঞ্চ টেবিলে | লাঞ্চ টেবিলে ঢাকা খুলবো | অবাক হবে সবাই !! খুশি তো হবেই !!


যথারীতি লাঞ্চ টাইমে আমরা সব্বাই খাবার টেবিলে | কেউ কিন্তু ''পেঁয়াজকলি - পোস্ত '' র কথা জানে না | পেঁয়াজকলির মিষ্টি মিষ্টি ভাজার গন্ধ তো সবাই পেয়েছেই , কিন্তু কেউ জানে না আজ লাঞ্চের শুরু হবে '' পেঁয়াজকলি - পোস্ত '' দিয়ে | পাতে পাতে গরম গরম ভাত আর '' পেঁয়াজকলি - পোস্ত '' দেখেই তো প্রথমে সব্বাই অবাক (Peyajkoli Posto) | কিছুক্ষন কোনো কথা নেই | তারপরেই সবাই , আনন্দে লাঞ্চ টেবিলেই লাফালাফি আর চিৎকার চেঁচামেচি শুরু করে দিলো |


যাহোক খাওয়া শুরু করতেই আমরা সবাই চুপচাপ | অপূর্ব তৃপ্তিতে মন - প্রাণ যেন ভরে যেতে লাগলো | তাড়িয়ে তাড়িয়ে দারুন উপভোগ করে চললো , '' পেঁয়াজকলি - পোস্ত '' দিয়ে গরম গরম ভাত খাওয়ার পালা |


সুন্দর সুন্দর ! বড়োই সুন্দর ! স্বাদে পোস্ত ও টেস্টি টেস্টি , পেঁয়াজকলি ও টেস্টি টেস্টি | তাই '' পেঁয়াজকলি - পোস্ত '' তো দারুন টেস্টি টেস্টি হবেই !! আমরা সবাই এতো এতো খুশি যে , কি বলবো | অনেকদিন ধরে ইচ্ছেটা হচ্ছিলো , আর আচমকা ইচ্ছেটা পূরণ হয়ে ও গেলো | আর এই অপূর্ব স্বাদের ভাগ তো অন্যকে পাওয়াতেই হবে , শুধু নিজে পেলে তো শান্তি আসবে না , তৃপ্তি পরিপূর্ণ হবে না | তাই বলি , এই বড্ডো সহজ রান্নাটা একদিন করেই ফেলুন আর সব্বাই মিলে , অপূর্ব স্বাদ , জমিয়ে জমিয়ে উপভোগ করুন |


ভালো খান | ভালো থাকুন | সুস্থ থাকুন | আনন্দে থাকুন |

Comments


bottom of page