মাছে - পটকার - রসারসা - তেলঝাল (Macher Potkar Recipe)
- Kaveri Nandi

- Jan 13
- 4 min read

মাছের পটকা !! দারুন লাগে খেতে !! যারা যারা খেতে ভালোবাসেন , পাতে পেলে খুশিতে ডগমগ - ডগমগ করেন !! আমি ও পটকা খেতে খুবই ভালোবাসি | আমার বাড়ির সব্বাই ও খুবই ভালোবাসে | কিন্তু বড়ো , মাছের সাথে তো সব সময়েই একটা পটকাই বাজারের থলিতে করে , আমার রান্নাঘরে পৌঁছায় | কখনো সখনো হয়তো ...২টো দেখতে পাই | তাই ভালো লাগার প্রিয় খাবারটি , আমাকে এক একদিন , এক একজনের ভাতের পাতে পৌঁছে দিতে হয় | বিচার সমান | তাই না ?? পছন্দের খাবার , খাওয়ার অধিকার সবায়েরই আছে |

কিন্তু আজকের মাছের থলিতে হাত দিতেই , আমি তো অবাক !! বেশ অনেকগুলো পটকা !! বাঃ ! বাঃ ! মনে হয় যাহোক করে জোগাড় হয়েছে | আমি তো বেজায় খুশি | আজ আমাদের সবাইয়ের পাতেই থাকবে , আমাদের পছন্দের টেস্টি টেস্টি পটকার কোনো একটা মেনু | সত্যিই ....খুব ভালো লাগছে | কি রাঁধি ? কি রাঁধি ? ভাবতে ভাবতে মনে হলো , কুয়াশায় মোড়া এই শীতের দুপুরে , গরম গরম ভাতের সাথে ,'' মাছের - পটকার - রসারসা - তেলঝাল '' দারুন জমে উঠবে |

কনকনে ঠান্ডা আর চারিদিক কুয়াশায় ঢাকা | দিন দুয়েক , সূয্যি মামার , কোনো দেখা নেই | কেমন যেনো এক ভেজাভেজা ঠান্ডা !! এই ঠান্ডাতে '' মাছের - পটকার - রসারসা - তেলঝাল '' (Macher Potkar Recipe) জিভের স্বাদে , ঠান্ডাকে, কিছুক্ষন তো দূরে রাখবেই | কনকনে শীতে কুঁকড়ে যাওয়া শরীর - মনটা , মনমতো টেস্টি টেস্টি চটপটা খাবারে , কিছুটা চাঙ্গা তো হবেই হবে | খুশিতে ........... কাজে জোশ আসবে , এনার্জি বেড়ে যাবে | তাই রান্নাটাও শুরু করতেই পারি |
মাছের পটকাগুলো কেটেকুটে ধুয়ে নিয়ে , নুন- হলুদ মাখিয়ে রাখলাম | সব্বাইকে জলখাবার খাইয়ে , আর এক প্রস্থ চা - এর পাট চুকিয়ে , রান্নাঘরের দিকে আবার এগিয়ে গেলাম , দুপুরের রান্নার প্রস্তুতিতে .............................
উপকরণ :-

মাছের পটকা - গুনতিতে ১০ - ১২ টা হবে , একটু বড়ো বড়ো টুকরো করে কেটে , ধুয়ে নুন - হলুদ মাখিয়ে রাখা
পেঁয়াজ - ১টা ছোট সাইজের , খোসা ছাড়িয়ে , মিহি করে কুচিয়ে রাখা
রসুন - ৫-৬ কোয়া , খোসা ছাড়িয়ে মিহি করে কুচিয়ে রাখা
আদা - ১/৪ ইঞ্চি , অল্প একটু , খোসা ছাড়িয়ে , মিহি করে কুচিয়ে রাখা
টমেটো - ১টা ছোট সাইজের , কুচিয়ে রাখা
কাঁচালঙ্কা - ২-৩টে , কুচিয়ে রাখা
হলুদগুঁড়ো - ১- ১.৫ চা চামচ
জিরেগুঁড়ো - ১/২ - ১ চা চামচ
ধনেগুঁড়ো - ১/৪ - ১/২ চা চামচ
লাল লঙ্কারগুঁড়ো - ১ চা চামচ , ঝাল নিজের নিজের পছন্দমতো
গরম মশলার গুঁড়ো - ১/৪ চা চামচ , নিজের নিজের পছন্দমতো
নুন - প্রয়োজনমতো
চিনি - ২-১ দানা , রান্নায় রঙের চমক আনতে
সর্ষের তেল - প্রয়োজনমতো
ঘি - ১/২ চা চামচ
পদ্ধতি :-
রান্নাঘরে ঢুকেই মনে হলো , আজ প্রথম রান্নাটাই হোক , '' মাছের - পটকার - রসারসা - তেলঝাল '' (Macher Potkar Recipe) | খুব সহজ রান্না | আর খুব তাড়াতাড়ি হয়ে যাওয়া একটা রান্না | কিন্তু খেতে লাগে অসাধারণ | অসা..............ধারণ | গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম প্রয়োজনমতো তেল | তেল গরম হলে আঁচ কমিয়ে কড়াইতে একে একে ছেড়ে দিলাম , কুচানো পেঁয়াজ , কুচানো রসুন , কুচানো আদা আর কুচানো কাঁচালঙ্কা আর ২-১ দানা চিনি | আঁচ বাড়িয়ে কমিয়ে শুরু করলাম নাড়াচাড়া |

সমস্ত কিছুতে হালকা ভাজা ভাজা রং ধরে আসতেই , কড়াইতে দিয়ে দিলাম নুন - হলুদ মাখানো পটকার কাটা টুকরাগুলো | আঁচ বাড়িয়ে কমিয়ে নাড়াচাড়া করতে লাগলাম | দিলাম অল্প হলুদগুঁড়ো | আঁচ বাড়িয়ে কমিয়ে কিছুক্ষন নাড়তে লাগলাম | ভাজা ভাজা হয়ে এসেছে মনে হতেই , আঁচ কমিয়ে কড়াইতে একে একে দিলাম জিরেগুঁড়ো , ধনেগুঁড়ো , লাল লঙ্কারগুঁড়ো আর একচিমটি গরমমশলার গুঁড়ো | আঁচ বাড়িয়ে ২-১ বার নেড়ে নিয়ে , কড়াইতে দিলাম , টমেটোর কুচানো টুকরাগুলো | দিলাম অল্প নুন | আঁচ বাড়িয়ে কমিয়ে সমস্ত ভালো করে কষতে লাগলাম |

কি সুন্দর টেস্টি টেস্টি গন্ধ !! আর এই সুন্দর গন্ধে চারিদিক যেনো ভরে উঠেছে | কষা হয়ে এসেছে মনে হতেই , রসার পরিমান ভেবে নিয়ে কড়াইতে দিলাম , প্রয়োজনমতো হালকা গরম জল | বেশি আঁচে ঝোল টগবগ করে ফুটতে শুরু করতেই , আঁচ কমিয়ে রান্না , একটু মজতে দিলাম | খুব অল্প সময়েই রান্না মজে এলো | .......চেখে নিলাম | আহা আহা অপূর্ব ! অপূর্ব .......অ........পূর্ব !! রান্নায় দিয়ে দিলাম ১/২ চা চামচ ঘি | বেশি আঁচে রসার পরিমান ঠিকমতো এসে যেতেই , গ্যাস বন্ধ করে দিলাম | সমস্ত রান্না একটা পাত্রে ঢেলে , দিলাম একটা ঢাকা | টেস্টি টেস্টি '' মাছের - পটকার - রসারসা - তেলঝাল '' এর পাত্র পৌঁছে গেলো লাঞ্চ টেবিলে | আবার রান্নাঘরে চলে এলাম বাকি রান্নাগুলো সারতে |
অবশেষে , আমরা সবাই খাবার টেবিলে | খাওয়া শুরু | আজ সবাই তো এক বিশেষ আনন্দে ভরপুর | আজকের স্পেশাল মেনু যে '' মাছের - পটকার - রসারসা - তেলঝাল '' (Macher Potkar Recipe) | যা আমাদের সবার প্রিয় | আর সত্যি বলতে কি , মাছের - পটকার - রসারসা - তেলঝাল দিয়ে ভাত মেখে মুখে দিতেই , আমার মন - প্রাণ একেবারে স্বাদের আনন্দে ভরে গেলো | মন বলে চলেছে ...কি ভালো ! কিইইইইইইই ভালো !! আমেজে ভাসতে ভাসতে কান কিন্তু শুনতে পেলো......... খাবার টেবিল ঘিরে কিছু আনন্দের আওয়াজ , ওহো - হো হো কি ভালো ...কি ভালো !! আহা হা হা ...অপূর্ব অপূর্ব !! বড়োই টেস্টি টেস্টি ....বড়োই টেস্টি টেস্টি .....আবার খাবো | আবার খাবো ...........
শীতের মরশুমে সবাই ভালো খান | ভালো থাকুন | সুস্থ থাকুন | আর আনন্দে থাকুন |
.jpg)








Comments