রসারসা - কচু ডাটা - চিঙড়ি (Kochu Data Chingri)
- Kaveri Nandi

- Apr 8
- 3 min read

ভোজনবিলাসী , খাদ্যবিলাসী বাঙালিতো খুঁজে বেড়ায় , নতুন নতুন মুখরোচক মেনু | মাঠে-ঘাটে , জলাজমিতে হয়ে থাকা খুব সাধারণ শাকসবজি কেও , রান্নার গুনে অসাধারণ টেস্টি টেস্টি করে তোলে | বাঙালি জানে , আমার ঘরে অফুরন্ত খাদ্যভাণ্ডার , যেগুলো খাদ্যগুণে , ঔষধীগুনে আর স্বাদে ভরপুর | শুধু রাঁধো আর পাতে তোলো |

প্রকৃতি মা - আমাদের সব্বার জন্য ,চারিদিকে ছড়িয়ে রেখেছে নানান নানান ধরণের সম্পদ | খাদ্য হিসাবে নাও , বা ঔষধ হিসাবে , বা নিত্য ব্যবহারেই লাগাও , সব ই আমাদের জন্য | শুধু খুঁজে নিতে হবে , আর গ্রহণ করে নিজেকে শক্তিতে , আনন্দে আর শান্তিতে ভরিয়ে তুলতে হবে | সবই অমূল্য সম্পদ !! শুধু মূল্যবোধটুকু আমাদের বুঝতে হবে | তবে ই আমরা সবাই রাজা , ---আর সর্ব সময়ের রাজা |

আজ আমি রান্না করবো , প্রকৃতির ঘরের খুব সহজলভ্য , ঔষধীগুনে ভরা একটি উপাদান ----কচুর খুব কচি কচি কিছু ডাটা | রাঁধবো চিংড়ি মাছ দিয়ে | একটু রসারসা করে | গরম ভাতে , প্রথমপাতের , অসাধারণ একটি মেনু | জিভের স্বাদ আর মনের স্বাদ দুটোই তৃপ্তিতে ভরে যায় | আর আজ আমাদের দুপুর জমাতে আমার মুখরোচক টেস্টি টেস্টি মেনুটি হলো '' রসারসা - কচু ডাটা - চিংড়ি '' (Kochu Data Chingri)!!
মোটামুটি সকালের দিকের সব কাজকর্মগুলো সেরেই ফেলেছি | প্রাতঃরাশ পর্বটিও কমপ্লিট ! তাহলে আর দেরি টেরি না করে দুপুরের রান্নাগুলো একে একে সেরেই ফেলি | যাই আবার আমার প্রিয় জায়গাটাতেই , আবার যাই ---------- চলে এসেছি , চলে এসেছি , আমার রান্নাঘরে চলে এসেছি , আর শুরু করছি প্রথম রান্না টি --- '' রসারসা - কচু ডাটা - চিংড়ি '' |
উপকরণ :-

কচু ডাটা - খুব কচি কচি এক আঁটি , ভালো করে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে জলে ভিজিয়ে দিয়েছি
চিংড়িমাছ - 250 গ্রাম , ছোট ছোট সাইজের , ভালো করে ছাড়িয়ে , পরিষ্কার করে ধুয়ে , নুন- হলুদ মাখিয়ে রেখেছি
কাঁচালঙ্কা - ৬-৭টা
গোটা শুকনোলঙ্কা - ২-৩টে
পাঁচফোড়ন - ১/২ চা চামচ
হলুদগুঁড়ো - ১।৫ থেকে 2 চা চামচের মতো , নিজের নিজের ইচ্ছে মতো
নুন - প্রয়োজনমতো
চিনি - অবশ্যই লাগবে , নিজের নিজের পছন্দমতো
সর্ষের তেল - প্রয়োজনমতো
পদ্ধতি :-
আজকের প্রথম রান্না '' রসারসা - কচু ডাটা - চিংড়ি '' , যেটা , খুব কম উপকরণে , খুবই সহজ আর খুব চটজলদি তৈরি হয়ে যাওয়া একটি অসাধারন মুখরোচক রান্না | একবার খেলে , মনে হবেই হবে , বারবার খাই ----বারবার খাই ----

প্রথমে গ্যাসে একটা পাত্র বসিয়ে দিলাম খানিকটা জল | জলের মধ্যে কেটে - ধুয়ে রাখা কচুর ডাটার টুকরোগুলো দিয়ে দিলাম | অল্প একটু ভাপিয়ে নেবো | তাতে কোসো কোসো ভাবটা কেটে যাবে | বেশি আঁচে ডাটা সমেত জল ফুটতে শুরু করলো | অল্পক্ষন বাদে গ্যাস বন্ধ করে সেদ্ধ ডাটা গুলো একটা ঝাঁঝরির মধ্যে ঢেলে জল ঝরাতে দিলাম

এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম , প্রয়োজনমতো তেল | তেল ভালোমতো গরম হয়ে উঠতেই , আঁচ কমিয়ে কড়াইতে দিলাম ৩টে ফাটানো শুকনোলঙ্কা , ২টো ফাটানো কাঁচালঙ্কা , আর ১/২ চামচ মতো পাঁচফোড়ন | দিয়ে দিলাম নুন - হলুদ মাখানো চিংড়মাছগুলো | আঁচ বাড়িয়ে সমস্ত ভালো করে নাড়তে লাগলাম |

কয়েকবার নাড়ার পর চিংড়িভাজার মনমাতানোগন্ধ | দিয়ে দিলাম ভাপানো কচুর ডাটাগুলো | দিলাম অল্প হলুদগুঁড়ো , প্রয়োজনমতো চিনি , প্রয়োজনমতো নুন আর ঝালের প্রয়োজন ভেবে ২-১টা ফাটানো কাঁচালঙ্কা | বেশি আঁচে কড়াইয়ের সব উপকরণগুলো আবার খুবভালো করে কিছুক্ষন নেড়েচেড়ে নিলাম | এবার আঁচ কমিয়ে রান্নায় দিলাম একটা ঢাকা | রান্না , নিজের মনে মজতে দিলাম |

বাব্বা !! কি গন্ধ বেরিয়েছে গো !! মনমাতানো , জিভেজল আনা গন্ধ যে ! রান্নার মিষ্টি মিষ্টি গন্ধ , চারিদিক মো মো মো মো করে মন ভালো করে দিচ্ছে তো !! ক্ষিধে ক্ষিধে ভাবটাও কেমন যেন উস্কে উস্কে উঠছে | নাঃ ! সব রান্নাগুলো তাড়াতাড়ি শেষ করি | তাহলে মধ্যাহ্নভোজের টেবিলেও তাড়াতাড়িই পৌঁছতে পারবো |
রান্না মনে হচ্ছে হয়েই এসেছে , ভেবে ঢাকা খুলে দেখে নিলাম | রান্না একটু চেখে ও নিলাম | বাঃ ! বাঃ ! বড়োই সুন্দর ! অপূর্ব ! অপূর্ব হয়েছে | আঁচ বাড়িয়ে রান্নার রসার পরিমান ঠিক করে নিয়ে গ্যাস বন্ধ করলাম | তৈরি আজকের চটকদার , মুখরোচক রান্না '' রসারসা - কচু ডাটা - চিংড়ি '' | রান্না একটা পাত্রে ঢেলে নিয়ে খাবার টেবিলে রেখে এলাম | এবার শেষ করবো ----বাকি রান্না বান্না |
দুপুরের খাওয়ার শুরুটা এতোই স্বাদে ভরা হয়ে উঠলো , যে অনেকেরই আর অন্য কিছুই প্রয়োজন হলো না | গরম গরম ভাত আর সঙ্গে টেস্টি টেস্টি '' রসারসা - কচু ডাটা - চিংড়ি '' (Kochu Data Chingri ) ---- স্বাদের যে কি অপূর্ব চমক , তা বলে বোঝানো যায় না | সবাই মুগ্ধ ! মন মুগ্ধ করা আজকের মেনু আমাদের সব্বাইকে তৃপ্তিতে , স্বাদের চমকে ভরিয়ে দিলো | সুন্দর খুশির আমেজে ভরে উঠলো আমাদের সবার শরীর আর মন |
খুশি খুশি থাকবেন | মজাদার খানা খাবেন | সুস্থ থাকবেন | আনন্দে থাকবেন |
.jpg)



Comments