top of page

ঝোলঝোল - মটরডালের - বড়া (Matar Daler Bora)


নাঃ!! নাঃ!! আজ আর উচ্ছে , বেগুন পটল , মূলো নয় | আজ একটু অন্য রকম রাঁধবো | অনেকদিন বাদে আজ ডালের বড়ার মেনু দিয়ে গরম গরম ভাত খেতে খুব , খুব ইচ্ছা করছে | জিভের টেস্টে একটু চেঞ্জ !! আজ মধ্যাহ্ন ভোজ শুরু হবে গরম গরম ভাত আর '' ঝোলঝোল - মটরডালের - বড়া '' দিয়ে |


ঘুম ভেঙে আজ হঠাৎই আমার এই ইচ্ছে !! তাই আগে থেকে , মানে কাল রাত থেকে ডাল ভিজিয়ে তো রাখা হয়নি | সেইহেতু চটজলদি উঠে , আগে ১কাপ মতো মটরডাল জলে ভিজিয়ে দিলাম | রান্নার সময় আসতে আসতে , ডাল ভিজে নরম হয়ে যাবে | বাটাবাটি করতে কোনো কষ্টই হবে না |


আজ ও একটা মিষ্টি ছুটির দিন !!! সারা সপ্তাহের লাগামছাড়া কাজের মাঝে , একটা ছুটির দিন তো , মিষ্টি ই হয় | তাই না ?? যাহোক সব্বাইকে মজাদার টিফিন খাইয়ে , ঝটপট ঝটপট সকালের সব কাজকর্ম সেরে নিলাম | ঠিক ঠিক সময়ে দুপুরের রান্নাও যে সেরে ফেলতেই হবে | -----অবশেষে দিনের শুরুর কাজ সারা (Matar Daler Bora)!! দুপুরের রান্না শুরু --------


উপকরণ :-

  • মটরডাল - ১কাপ মতো , জলে ভেজানো

  • আলু - মাঝারি সাইজের ২টো , খোসা ছাড়িয়ে ৮টুকরো করে কেটে জলে ভেজানো

  • টমেটো - ১টা , মাঝারি সাইজের , কুচিয়ে রাখা

  • পেঁয়াজ - ছোট ছোট সাইজের ৩টে , খোসা ছাড়িয়ে , মিহি করে কুচানো

  • রসুন - ১৩কোয়া - ১৪কোয়া , খোসা ছাড়ানো , কয়েকটা দেবো মটরডাল বাটায় , কয়েকটা যাবে বাটা মশলায়

  • কাঁচালঙ্কা - ৫-৬টা , বেটে নেবো

  • আদা - ১ ইঞ্চি খানেক , খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে রাখা , বেটে নেবো

  • হলুদগুঁড়ো - ১থেকে - ১-৫ চা চামচ

  • জিরেগুঁড়ো - ২চা চামচ

  • লালঙ্কার গুঁড়ো - ১ থেকে - ১-৫ চা চামচ , অবশ্যই ঝাল নিজের নিজের পছন্দমতো

  • গরমমশলার গুঁড়ো - ১/৪ চা চামচ

  • ঘি - ১থেকে 2 চা চামচ

  • নুন - প্রয়োজনমতো

  • চিনি - প্রয়োজনমতো

  • সর্ষের তেল - প্রয়োজনমতো



পদ্ধতি :-


আজ আমার প্রথম রান্না '' ঝোলঝোল - মটরডালের - বড়া '' | আজকের ----গরম ভাতের প্রথম পাতের মেনু | মন তো সিওর ---ছুটির আমেজে টা , স্বাদের টেস্টি টেস্টি আমেজে জমে উঠবেই উঠবে !!


রান্নাঘরে ঢুকে প্রথমেই ভেজানো মটরডালগুলো মিক্সিতে নিয়ে , নিয়ে নিলাম ৫টা মতো রসুনের কোয়া | মিহি করে , বাটা মিশ্রণ একটা পাত্রে ঢেলে নিলাম | এইবার ওই মিক্সির মধ্যেই , রসুন কোয়া , কাটা আদার টুকরোগুলো আর কয়েকটা কাঁচালঙ্কা নিয়ে মিহি করে বেটে রাখলাম | রান্নার সময়ে ঢেলে নেবো |


বাটা মটরডাল ভালো করে কয়েকবার ফেটিয়ে নিলাম | এতে বাটাডাল থেকে তৈরি বড়াগুলো মুচমুচে হবে আর রান্নার ঝোলের রসে ভরে থাকবে | খেতে লাগবে অসাধারণ !! গ্যাসে কড়াই বসিয়ে দিলাম , প্রয়োজনমতো সর্ষের তেল | তেল গরম হয়ে উঠতেই , আঁচ কমিয়ে ফেটানো মটরডাল বড়ার আকারে গড়ে গড়ে কড়াইয়ের তেলে ছেড়ে দিতে লাগলাম | আঁচ বাড়িয়ে কমিয়ে মুচমুচে করে বড়াগুলো ভেজে , তেল থেকে তুলে একটা পাত্রে রাখলাম | এইভাবে সব বড়াগুলো ভেজে ফেললাম | এবার তৈরি হবে ঝোল |


প্রোটিনে সমৃদ্ধ যে কোনো ডালই , আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা উচিত | রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে , প্রতিটি শরীর কে সুস্থ রাখতে যে কোনো ডালের , বিরাট এক ভূমিকা রয়েছে | তাই আমরা ছোট থেকে বড়ো সবাই , ডালকে খাদ্য তালিকায় রাখবোই রাখবো |


যাহোক মটরডালের বড়া তৈরি | নানা কথা ভাবতে ভাবতেই আমি রান্না শুরু করে দিয়েছি | বড়া ভাজার তেলের মধ্যেই প্রয়োজনমতো আর একটু তেল দিয়ে , কুচানো পেঁয়াজগুলো ছেড়ে দিলাম | আঁচ বাড়িয়ে কমিয়ে কয়েকবার নেড়েচেড়ে নিয়ে , আঁচ কমিয়ে কাটা আলুর টুকরোগুলো জল ঝরিয়ে নিয়ে , কড়াইতে দিয়ে দিলাম |

আঁচ বাড়িয়ে কমিয়ে আলুগুলো ভাজতে লাগলাম | আলুগুলোতে হালকা রাঙা রং ধরে আসতেই আঁচ কমিয়ে মিক্সিতে রাখা আদা - রসুন - কাঁচালংকার বাটা পেস্টটা আলুর মধ্যে দিয়ে দিলাম | আবার শুরু হলো আঁচ বাড়িয়ে কমিয়ে নাড়াচাড়া |


দিয়ে দিলাম টমেটোর টুকরোগুলো , নুন আর প্রয়োজনমতো চিনি | সব সমেত নাড়তে নাড়তে কড়াইতে দিলাম প্রয়োজনমতো হলুদগুঁড়ো |

অল্প একটু নেড়ে নিয়ে রান্নায় দিলাম জিরেগুঁড়ো আর অল্প লাল লংকার গুঁড়ো | রান্না দেখতেও সুন্দর হবে আর খেতেও সুন্দর হবে | আঁচ বাড়িয়ে সব মশলা সমেত রান্না কয়েকবার নেড়েচেড়ে নিয়ে দিলাম , রসার প্রয়োজন আন্দাজ করে , কুসুম কুসুম গরমজল | জল টগবগ টগবগ ফুটছে | আঁচ কমিয়ে দিলাম |


রান্না ফুটছে | আলুর টুকরোগুলো কিচ্ছুটা সেদ্ধ হয়ে আসতেই , ভেজে রাখা বড়াগুলো রান্নায় দিয়ে দিলাম | আঁচ বাড়িয়ে কয়েকবার ফুটিয়ে নেবার পর , আবার আঁচ কমিয়ে বড়া সমেত রান্না মজতে দিলাম | রান্না হালকা ফুটছে , আর কি সুন্দর বড়ার ঝোলের মিষ্টি গন্ধে , আমার চারিদিক , বাড়ির চারিদিক টা মো মো মো মো করছে |


মনে হচ্ছে রান্না হয়ে এসেছে , ভেবে বড়াগুলো একটু দেখে নিলাম | নরম হয়ে এসেছে ! ঝোল ও একটু চেখে ফেললাম | আহা হা হা -----মধুর স্বাদ ! মধুর স্বাদ !!এবার আঁচ বাড়িয়ে রান্নায় দিলাম অল্প গরম মশলার গুঁড়ো আর ২চা চামচ ঘি | একটু নেড়েচেড়ে গ্যাস বন্ধ করলাম | রান্না একটা পাত্রে ঢেলে নিলাম | অপেক্ষা লাঞ্চ টাইম এর (Matar Daler Bora) |


লাঞ্চ টেবিলের শুরুটাই সবার এতোই পছন্দের আর এতোই ভালোলাগার ছিল যে , লাঞ্চ টেবিল জমেই ছিলো , স্বাদের তৃপ্তি তে আর ভালোলাগার আবেশে !! জমিয়ে হলো সব্বার লাঞ্চ সারা | মিষ্টি ছুটির দিনে ---এক মিষ্টি আমেজ ----



ভালো খান | ভালোবেসে খান | সুস্থ থাকুন | আনন্দে থাকুন |

Comments


bottom of page